‘বঙ্গবন্ধু-বাংলাদেশ এক ও অভিন্ন’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক এবং অভিন্ন। আমাদের এই পতাকা, এই ভূখণ্ড যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু তার সমহিমায় বাস করতে থাকবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বঙ্গবন্ধুর ওপর আনিত প্রস্তাব সাধারণের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তার (বঙ্গবন্ধুর) ১০ বছরের শিশু রাসেলকেও ক্ষমা করেনি। বঙ্গমাতাসহ পরিবারের কাউকেই রেহাই দেয়নি। তারা বুঝেছিল বঙ্গবন্ধুর রক্তের ছিটেফোঁটাও যদি থাকে তাকে কেন্দ্র করে বাঙালি জাতি আবার জেগে উঠবে, ঘুরে দাঁড়াবে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে। 

কিন্তু বঙ্গবন্ধুর প্রকৃত খুনিদের মুখোশ পৃথিবীর সামনে উন্মোচন করতে ট্রুথ কমিশন করতে সংসদ নেতার কাছে আহ্বান জানান মন্ত্রী।