এলইডি লাইট নগরবাসীর জন্য নববর্ষের উপহার : মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি এলাকায় এলইডি লাইট স্থাপন নগরবাসীর জন্য নববর্ষের উপহার। শুক্রবার (১ জানুয়ারি) আগারগাঁয়ের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এলইডি সড়ক-বাতি সরবরাহ ও স্থাপন’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, প্রকল্পের শুরুতে ৪২ হাজার এলইডি লাইট স্থাপনের কথা থাকলেও সমপরিমাণ অর্থ ব্যয়ে আমরা ৪৬ হাজার ৪১০টি লাইট স্থাপন করবো। কোনো প্রকল্পে এটি একটি নজিরবিহীন ঘটনা। প্রতিটি লাইটের আয়ুষ্কাল ২২ বছর। এসব লাইট ইউরোপ থেকে আনা হয়েছে, যা চোখের জন্য সম্পূর্ণ নিরাপদ। বুয়েট থেকে পরীক্ষা করে তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। একই সাথে এ লাইটগুলো পরিবেশ বান্ধবও। অনুষ্ঠান শেষে অতিথিরা আগারগাওস্থ নির্বাচন কমিশনের সামনের সড়কে অ্যাপসের মাধ্যমে এলইডি সড়কবাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, এলইডি সড়কবাতি সরবরাহ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্থপতি মোবাশ্বের হোসেন, ওয়ার্ড কাউন্সিলর ফোরকান হোসেনসহ অন্যান্যরা।