গাজীপুরে তরুণীকে ধর্ষণের ভিডিয়ো ধারণ, কলেজছাত্র গ্রেপ্তার

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের এক তরুণীকে ‘পর্নোগ্রাফি ভিডিয়ো’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে আরমান খন্দকার রাহুল (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টায় মহানগরীর হাড়িনাল এলাকা থেকে ঐ যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরমান খন্দকার গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকার খন্দকার হাবিবুল আলমের ছেলে। সে গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর কলেজের অনার্স (সম্মান) শেষ বর্ষের ছাত্র। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ঢাকার ওই তরুণীর সাথে পরিচয় হয় আরমানের। আরমান গত ২০ জানুয়ারি দুপুরে গাজীপুরের হাড়িনাল এলাকায় বন্ধু রাফিনের ভাড়া বাসায় ভিকটিমকে নিয়ে যায়। এ সময় তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ধারণ করে আরমান। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণ এবং ধর্ষণের গোপন ভিডিয়ো ধারণ করে আরমান। এরপর থেকে সে ভিকটিমের নিকট ৫ লাখ টাকা দাবি করে। এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে গাজীপুর সদর থানায় শনিবার (৬ ফেব্রুয়ারি) পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদে আরমান স্বীকার করে সে একাধিক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে গোপন ক্যামেরায় ধারণ করা অশ্লীল ভিডিয়ো ও ছবির মাধ্যমে ব্লাকমেইল করে। এ সংক্রান্ত ভিডিয়ো তার ল্যাপটপে পাওয়া গেছে। এছাড়াও তার জব্দকৃত ল্যাপটপে তার সাথে বিভিন্ন তরুণীর গোপন অশ্লীল ভিডিয়ো পাওয়া গেছে।