গাজীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ৫ ইটভাটা, ৮ লাখ টাকা জরিমানা
- In -- আইন ও অপরাধ --
- Dec 10, 2019 --
উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকায় পরিবেশ দূষণের দায়ে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটা ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পাঁচটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
মুস্তাফিজুর রহমান বলেন, পরিবেশ দূষণের দায়ে বিকেলে শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় আবুল কাশেম মোড়লের মালিকানা মেসার্স কে বি এম ব্রিকসকে ২ লাখ টাকা, মো. বরকত আলীর এল বি এম ব্রিকসকে ২ লাখ টাকা, লিয়াকত আলীর এল বি এম-২ কে ২ লাখ টাকা, নাজমুল হাসান আবুলের এ বি এম ব্রিকসকে ১ লাখ টাকা ও মো. মোশারফ হোসেনের মদিনা ব্রিকসকে ১ লাখসহ মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ইটভাটাগুলোর আগুন ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। পরে ভেকু মেশিন দিয়ে পাঁচটি ইটভাকটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানকালে উপস্থিতি ছিলেন- গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহীদ ও আব্দুল রাজ্জাক, গাজীপুর র্যাব-১, আনসার ব্যাটালিয়ন সদস্য ও গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।
গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পরিবেশ দূষণের দায়ে শ্রীপুরে পাঁচটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে শ্রীপুরে তিনটি ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় আটটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে সব অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)