কাল শবে বরাত: মসজিদে-কবরস্থান- মাজারে না যাওয়ার আহ্বান

কাল মুসলিম সম্প্রদায়ের কাছে ভাগ্য নির্ধারণী রাত হিসেবে বিবেচিত শবে বরাত। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার মসজিদ-কবরস্থান এবং মাজারে না গিয়ে বাসা-বাড়িতে এবাদত-বন্দেগি করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

বুধবার বিকালে ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়। এর আগে দৈনন্দিন ফরজ নামাজ, জুমা জামাত ও শবে বরাতের এবাদত বন্দেগি মসজিদের পরিবর্তে ঘরে পড়ার আহ্বান জানানো হয়।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে। বাংলাদেশেও এর প্রভাব দৃশ্যমান। বিরাজমান এ পরিস্থিতিতে মহিমান্বিত এ রজনীতে নিজ নিজ বাসস্থানে অবস্থান করে এবাদত বন্দেগির সময় ব্যক্তিগত দোয়া-প্রার্থণা ছাড়াও করোনা ভাইরাসের মহামারির আক্রমণ থেকে আমাদের আমাদের প্রিয় মাতৃভূমি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীকে সুরক্ষা ও নিরাপদ রাখার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। দেশের শ্রদ্ধেয় আলেম ওলামা, পীর মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম মোয়াজ্জিন, মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষকসহ সকল ধর্মপ্রাণ মুসলমানদের এই দোয়া প্রার্থণার জন্য সবিনয়ে অনুরোধ করছি।

‘ইতিপূর্বে লক্ষ্য করা গেছে যে, পবিত্র শবে বরাতে জিয়ারতের জন্য কবরস্থান ও মাজারে অনেক লোকের সমাগম হয়। এছাড়া কবরস্থান ও মাজারের ভিতরে ও বাইরে অনেক ভিক্ষুক, অসহায়, অসচ্ছল, প্রতিবন্ধি ও রোগাক্রান্ত ব্যক্তি সাহায্যের জন্য সমবেত হয়। এ ধরনের জনসমাগমের কারণে করোনাভাইরাস ব্যাপকহারে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে শবে বরাতের কবর জিয়ারত উদ্দেশ্যে কবরস্থানে না গিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করে মৃত ব্যক্তির ও তাদের আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য- ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে কবরস্থান ও মাজারের গেট বন্ধরাখাসহ কবরস্থানের ভিতরে ও বাইরে কোন জনসমাগম না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে গুজব ছড়ানো ও গুজবে বিশ্বাস করা থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষ ভাবে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানগণ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। অনেকের মতে, মহিমান্বিত রাতে মহান আল্লাহ পাক তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। মুসলমানগণ এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকারসহ বিভিন্ন এবাদত বন্দেগির মাধ্যমে বিনিদ্র রজনী অতিবাহিত করেন। মহিমান্বিত রজনীতে মসজিদে, কবরস্থান ও মাজার পরিহার করে বাসা বাড়িতে এবাদত বন্দেগির আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন।