কালিয়াকৈরে ১৮৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলাধীন গোয়ালবাথান এলাকা থেকে বুধবার গভীর রাতে ১৫০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১।

র‌্যাব ১ সূত্রে জানা যায়, গোপন সূত্রে গাজীপুরের র‌্যাব ১ এর স্পেশালিস্ট কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প জানতে পারে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে মাদক কেনাবেচা হবে। এমন তথ্যের ভিত্তিতে পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ১৮৫ বোতল ফেনসিডিল, নগদ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদরের নাগুরিয়াকান্দি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে সাগর মিয়া (২২), বরিশালের বানারীপাড়া থানার চৌমুহনা বাজার বিশারকান্দি গ্রামের মোঃ নুরুল হক বাহাদুরের ছেলে মোঃ মাসুম বিল্লাহ (২১)।

------

র‌্যাব ১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন  জানান, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে। তারা আরো জানায় দীর্ঘদিন যাবৎ ভারতের বিভিন্ন চোরাইপথে ফেনসিডিল বাংলাদেশে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করছিল। বিভিন্ন চোরাইপথে ভারতীয় তৈরি ফেনসিডিল আমদানি নিজ হেফাজতে রাখার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।