ঘূর্ণিঝড় 'আম্ফান' মোকাবেলায় প্রস্তুত পানি সম্পদ মন্ত্রনালয়: পানিসম্পদ উপমন্ত্রী
- In -- জাতীয় --
- May 18, 2020 --
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর ঘূর্ণিঝড় আম্ফান প্রবল গতিতে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। তবে ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ. কে. এম. এনামুল হক শামীম।
আজ সোমবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে পানি সম্পদ উপমন্ত্রী এ কথা বলেন।
উপমন্ত্রী শামীম বলেন, ঘূর্ণিঝড় আম্ফান এর সম্ভাব্য দুর্যোগ ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় সমুদ্র উপকূলীয় জেলাগুলোতে সতর্কতা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে ঘূর্ণিঝড় পূর্ব আগাম প্রস্তুতি নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় আগাম সকল প্রস্তুতি গ্রহণের পাশাপাশি উপকূলীয় জেলাগুলোর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রস্তুত থাকার জন্য। যাতে মানুষের জানমাল সম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়। উপকূলীয় এলাকায় যে সব নদী ভাঙন হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব এলাকার উপজেলা ও ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হয়েছে এবং বারবার করে বলা হয়েছে যেকোন পরিস্থিতিতে নদী ভাঙন, বাধ ভাঙ্গনের সংবাদ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য।
এদিকে, অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান আগামীকাল মঙ্গলবার (১৯ মে) মধ্যরাতে থেকে ২০ মে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূলে হানবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বাতাসের গতি এখনও ঘণ্টায় ১১০ কিলোমিটারই আছে। অন্যদিকে এখনও সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি সোমবার সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে একহাজার ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)