আম্ফানের সর্বোচ্চ গতিবেগ সাতক্ষীরায়, ঘণ্টায় ১৫১ কি.মি

সুপার সাইক্লোন আম্ফানের সর্বোচ্চ ঝোড়ো হাওয়ার গতিবেগ সাতক্ষীরায় ঘণ্টায় ১৫১ কিলোমিটার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২০ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, এখন পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতি সাতক্ষীরায় রেকর্ড করা হয়েছে। সেখানে গতি ঘণ্টায় ১৫১ কিলোমিটার ছিল।

তিনি জানান, ঘূর্ণিঝড় 'আম্ফান’ আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে সাতক্ষীরা জেলা ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে। উপরের জেলাগুলোতে পরবর্তীতে আঘাত হানবে। তবে স্থলভাগে আসায় এর শক্তি ধীরে ধীরে কমছে।

তিনি বলেন, উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজের পাশাপাশি সাগর উত্তাল রয়েছে।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।