মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত

বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দলের বিপক্ষে ৪ মার্চ টাউরাঙ্গায় স্বাগতিক নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২২ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। সেরা আটটি দল নিয়ে ছয় শহরে ৩১ দিন ধরে হবে ৩১টি ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড হ্যামিল্টনে প্রথম ম্যাচ খেলতে নামবে। ৫ মার্চের হাইপ্রোফাইল ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। একই দিনে ডুনেডিনে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ বাছাইয়ে উত্তীর্ণ দল। ২০১৭ সালের রানার্স আপ ভারত ৬ মার্চ মোকাবিলা করবে বাছাই থেকে উঠে আসা দলকে। নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে মূল পর্বে জায়গা পাবে তিনটি দল। ২০২১ সালের ২৬ জুন থেকে ১০ জুলাই শ্রীলঙ্কায় হবে বাছাই প্রতিযোগিতা। বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী আটটি দল প্রত্যেকে একে অন্যের সঙ্গে খেলবে। রাউন্ড রবিন শেষে শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ৩০ মার্চ হবে প্রথম সেমিফাইনাল। পরের দিন দ্বিতীয় সেমিফাইনাল হবে ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে। ৩ এপ্রিলের ফাইনালও হবে এই ভেন্যুতে। তিনটি ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে।  ২০২১ সালে হওয়ার কথা ছিল এই বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা স্থগিত হয়। এই ওয়ানডে বিশ্বকাপের বছরই ইংল্যান্ডে কমনওয়েলথ গেমসে ২৪ বছর পর ফিরবে মেয়েদের ক্রিকেট, খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।