চক্রান্তকারীরা সফল হতে পারবে না : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চক্রান্তকারীরা বারবার দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করে চলেছে। ৭১ এ মুক্তিযোদ্ধারা জাতির পিতার ডাকে যেভাবে সাড়া দিয়ে জীবনবাজি রেখে দেশকে স্বাধীন করেছিল, বর্তমানে জনগণ শেখ হাসিনার সরকারের সাথে থাকায় চক্রান্তকারীরাও সফল হতে পারবে না। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে এ দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে পৌরশহরের প্রাণকেন্দ্রে ঐতিহাসিক বিরল কেন্দ্রীয় শহীদ মিনার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তাফিজার রহমান। এর আগে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।