তুরাগে বালুরমাঠ বস্তিতে আগুন

রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটে বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। দুপুর ১ টা ৩৫ মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তরা তুরাগ থানার বালুরমাঠ বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত সম্পর্কে বলা যাবে।