গাজীপুরের শ্রীপুরে ৫টি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ

গাজীপুরের শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের ২নং সিএন্ডবি এলাকায় বস্তা ভর্তি ৫টি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুন) সকালে পড়ে থাকা বস্তা খুলে কঙ্কালগুলো দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তা জব্দ করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, চন্নাপাড়া এলাকার পারিবারিক একটি কবরস্থানের বেশ কয়েকটি কবর খোঁড়া হয়। সেখান থেকে একটি সংঘবদ্ধ চোরেরদল কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে ফেলে যায়। সোমবার গোরস্থানে বস্তা পড়ে থাকতে দেখে সেটি খুলে ভেতরে কঙ্কাল দেখে এলাকাবাসী।

তিনি আরও জানান, বিষয়টি আমি অবগত হওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। বিষয়টির খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।