গাজীপুরে শোক দিবস পালনে ১৫০টি গরু দিলেন সিটি মেয়র

জাতীয় শোক দিবস সুষ্ঠু ও সফলভাবে পালনের লক্ষে গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড, থানা, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ১৫০টি গরু বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর সিটি মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিজ উদ্যোগে নগরীর ছয়দানাস্থ বাসভবন প্রাঙ্গনে এসব গরু বিতরণ করা হয়। এই সাথে শোক দিবসের অনুষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য প্রতিটি ওয়ার্ডে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। তবে লোকসংখ্যা ও আয়তন বিবেচনায় কোনো কোনো ওয়ার্ডে একাধিক গরু বিতরণ করা হয়েছে। শোক দিবস উপলক্ষে সকালে দোয়া আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন। এ সময় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, অ্যাডভোকেট আমাজদ হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোকসেদ আলম, সহদপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।