গাজীপুরে তদবির ছাড়াই কনস্টেবলে নিয়োগ পেলেন ৯৪ জন

গাজীপুরে তদবির ছাড়াই ১৪ জন নারীসহ ৯৪ পুলিশ কনস্টেবলকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর পুলিশ লাইন্স ময়দানে নিয়োগ পাওয়াদের নাম ঘোষণা করা হয়। গাজীপুরের পুলিশ সুপার মো. শফিউল্লাহ জানান, গত ১২ মার্চ গাজীপুর পুলিশ লাইন্স মাঠে শুরু হয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা। এতে গাজীপুর জেলা থেকে অনলাইনে দুই হাজার ৪৪০ জন চাকরিপ্রার্থী একশত এক টাকা করে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে দিয়ে আবেদন করেন। নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপ অতিক্রম করে ৬৫৮ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২৪৬ জন। কোটাপদ্ধতি অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী ৮০ জন পুরুষ ও ১৪ জন নারীসহ মোট ৯৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।গাজীপুর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ড কমিটি নির্বাচিতদের ফলাফল ঘোষণা করে। টিআরসি নিয়োগ কমিটির সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।পুলিশ সুপার বলেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের তত্ত্বাবধানে অত্যন্ত সততার সঙ্গে টিআরসি নিয়োগ সম্পন্ন করেছে গাজীপুর জেলা পুলিশ। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার, মুক্তিযোদ্ধা ও পুলিশের পোষ্য কোটাসহ সাধারণ কোটায় ৯৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত হন।