‘করুণাময়ী রাণী রাসমণি’র শুটিং আবার বন্ধ

ভারতের কলকাতার সিরিয়ালপাড়ার খবর, প্রযোজক সুব্রত রায় আর তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান সুব্রত রায় প্রোডাকশনসের কাছে ১৪ কোটি রুপি বকেয়া পাবেন শিল্পী ও কলাকুশলীরা। কিন্তু কবে এবং কীভাবে এই বকেয়া পরিশোধ করা হবে, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত হতে পারেননি। এ কারণে গত ২৩ আগস্ট শুটিং থেকে সবাই সরে দাঁড়ান। এর ফলে জি বাংলার ‘করুণাময়ী রাণী রাসমণি’ ও ‘সৌদামিনীর সংসার’ আর স্টার জলসার ‘দেবী চৌধুরাণী’ এবং আরও কয়েকটি সিরিয়ালের নিয়মিত সম্প্রচার থেমে যায়।

তখন বকেয়া আদায়ের জন্য প্রযোজক সুব্রত রায়ের সঙ্গে একাধিক বৈঠক করে অভিনয়শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম। শেষ পর্যন্ত তাদের বৈঠকে যুক্ত হয় কয়েকটি টিভি চ্যানেলের কর্তৃপক্ষ। চ্যানেলগুলো থেকে বকেয়া পরিশোধের ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।