বাকেরগঞ্জে নিয়ামতি বাজারে আগুনে ১৪ দোকান-ঘর পুড়ে ছাই

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মো: দেলোয়ার হোসেন, বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি বাজারে  ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান ও পাঁচটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (০২ ফেব্রুয়ারি) ভোররাতে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজার এ এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং দুই ঘণ্টার অধিক সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী, অগ্নিকাণ্ডের এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।তবে তদন্ত ছাড়া ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাকেরগঞ্জ স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল কাসেম। তিনি জানান বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর কাজ শুরু করি। আমাদের সঙ্গে বেতাগী ও মির্জাগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট মিলে সকাল ছয়টার দিকে পুরোপুরি আগুন নেভানের কাজটি শেষ করি।তিনি আরো  বলেন, আগুনে বাজারের নয়টি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে, তবে কোনো হতাহতের খবর আমরা পাইনি।বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্ত না করে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না।নিয়ামতি বাজারের বাসিন্দা আব্দুর রব  জানান, আগুনে বাজারের বেকারি ব্যবসায়ী কমল সাহার দোকান ও গোডাউন, সঞ্জয় দাসের ডেকোরেটরের দোকান, লাভলু খানের মোবাইলের দোকান, সরোয়ারের ডেকরেটারের দোকান, ইন্দ্রজিৎ কর্মকারের দোকান, সবিতা সাহার কাপড়ের দোকান, অশোক কুমারের ডেকরেটরের দোকানসহ মোট নয়টি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে।খবর পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান ও বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের মধ্যে কম্বল বিতরণ করেন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। পরিদর্শন করেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন তিনি বলেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক যায় এবং ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করেছেন।