নেইমারকে পেতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা

শেষ মৌসুমে এবং শীতকালীন দলবদলে নেইমারকে পেতে উঠে পড়ে লেগেছিল বার্সেলোনা।

কিন্তু পিএসজির অফার পছন্দ না হওয়ায় ছাড়েনি ব্রাজিলের সুপারস্টারকে। এবার হাল ছাড়বে না বার্সেলোনা। স্পেনের ক্লাবটি যেকোনো মূল্যে নেইমারকে দলে ভেড়াতে মুখিয়ে। আগামী মৌসুমেই ক্যাম্প ন্যুতে নেইমারতে পেতে পায় বার্সেলোনা।

পিএসজির এ ফরোয়ার্ডকে পেতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। ইনজুরি থেকে ফিরে নেইমার দুর্বার। পারফর্ম করছেন পুরোনো ছন্দে। গত মৌসুমে বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে দলে নেয় আঁতোয়ান গ্রিজম্যান এবং আয়াক্সের মিড ফিল্ডার ফ্রাঙ্কি ডি জংকে। এবার নতুন মৌসুমে তাদের একটাই লক্ষ্য নেইমারকে পাওয়া।

গোলডটকম  বলছে ২২২ মিলিয়ন ইউরো নেইমারের জন্য প্রস্তাব করবে বার্সেলোনা। শীতকালীন দলবদলের সময় পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লেওনার্দো বার্সেলোনার কাছে নেইমারের জন্য ২২২ মিলিয়ন ইউরো দাবি করেছিল। কিন্তু বার্সেলোনা তাতে রাজী হয়নি। মৌসুম শেষে একই অর্থে পিএসজি নেইমারকে ছাড়তে রাজী হবে কিনা সেটাই প্রশ্ন। তবে দলবদলের সময় কিছু বিষয় তো বিবেচনায় আসবেই।

চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে নেইমারের পারফরম্যান্স কেমন হয়, দলবদলের বাজারে সেটা বড় প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। নেইমার বর্তমানে দারুণ সময় কাটাচ্ছেন। পিএসজি আশা করছে একই পারফরম্যান্স নেইমার টেনে নেবেন চ্যাম্পিয়নস লিগেরও। তাতে নেইমারের দাম বাড়বে। লাভবান হবে ফ্রান্সের ক্লাবটি।

২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত নেইমার ছিলেন কাতালান ক্লাবটিতে। ১৮৬ ম্যাচে গোল করেন ১০৫টি। দুটি লিগ শিরোপার পাশাপাশি ২০১৫ সালে কাতালানদের হয়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ। এরপর ওয়ার্ল্ড রেকর্ড ট্রান্সফারে তাকে দলে নেয় পিএসজি। পিএসজিতেও তার পারফরম্যান্স নজরকাড়া। শীতকালীন দলবদলে নেইমারকে পেতে আগ্রহ দেখিয়েছিল স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদও। তারাও কি বার্সেলোনার মতো দৌড়ে নামবে? মৌসুম শেষের আগেই জানা যাবে নেইমারের ভবিষ্যত।