সরকারি প্রকল্পে দেশীয় ভালো আবাসন ব্যবসায়ীদের কাজ দেয়ার পরিকল্পনা রয়েছে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
- In -- জাতীয় --
- Dec 24, 2019 --
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সরকার সকলের জন্য আবাসন নিশ্চিত করতে চায়। সরকারি প্রকল্পে বিদেশী বিনিয়োগের পাশাপাশি দেশীয় ভালো আবাসন ব্যবসায়ীদের ইমারত নির্মাণের কাজ দেয়ার পরিকল্পনা রয়েছে। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব আয়োজিত শীতকালীন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রিহ্যাবের সহ-সভাপতি প্রকৌশলী মো. সোহেল রানা। আরো বক্তব্য প্রদান করেন রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া।
রেজাউল করিম আরো বলেন, দেশের আবাসন প্রতিষ্ঠানকে কাজ দিলে তাদের দায়বদ্ধতা ও জবাবদিহি থাকবে। ঢাকার তুরাগ নদীর পাড় ও কেরানীগঞ্জে স্যাটেলাইট সিটি, ঝিলমিল সম্প্রসারণ, পূর্বাচল এবং উত্তরা ৩য় পর্ব প্রকল্পে ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে বিনিয়োগ করতে পারেন, সেটার ব্যবস্থা করা হবে। সকলে মিলেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, সন্ত্রাস, মাদক থেকে জাতিকে বের করে আনতে আমরা চেষ্টা করছি।
অন্যায়ভাবে অপরের জায়গা দখল করার প্রবণতা ভুলে যেতে হবে। জালিয়াতি করে টাকা নেয়ার প্রবণতা ভুলতে হবে। ঘুষ-দুর্নীতি ও কাজে ফাঁকি দেবার প্রবণতা ভুলতে হবে। আসুন সবাই মিলে উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় শামিল হই।
পরে মন্ত্রী পাঁচ দিনব্যাপী আয়োজিত শীতকালীন আবাসন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বাসস।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)