শোবিজে আলোচিত যত ঘটনা
- In -- বিনোদন --
- Dec 29, 2019 --
সিমলার স্বীকারোক্তি
২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে খেলনা পিস্তল উঁচিয়ে বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ছিনতাই করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত হন পলাশ। এর আগে তিনি তার স্ত্রীর বিষয়ে কথা বলতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রথমেই রটে গিয়েছিল পলাশের স্ত্রী একজন চিত্রনায়িকা; কিন্তু কে সে নায়িকা? অবশেষে জানা গেল সিমলার নাম। মজার ব্যাপার হলো, সিমলা যে বিবাহিত সেটা তিনি কখনো মিডিয়ায় বলেননি। এই ঘটনার পর সিমলাকেও পাওয়া যাচ্ছিল না। কারণ তিনি তখন মুম্বাইয়ে। পরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট কার্যালয়ে হাজির হয়ে পলাশের সঙ্গে আট মাসের দাম্পত্যজীবনের আদ্যোপান্ত তুলে ধরেন।
বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনীতে জয়া
লন্ডনে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী জয়া আহসান। বিশ্বকাপ মঞ্চে তার এমন উপস্থিতি ছিল বাড়তি চমক। বিশ্বকাপ শুরুর আগের দিন লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনের সড়ক ‘দ্য মলে’ জয়া আহসানকে দেখে রীতিমতো নড়েচড়ে বসেন তার ভক্ত-অনুরাগীরা। উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী দেশগুলো থেকে দুজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। এতে জয়ার সঙ্গে ছিলেন ক্রিকেটার আবদুর রাজ্জাক। উদ্বোধনী অনুষ্ঠানে নাচ-গানের পাশাপাশি বাড়তি আকর্ষণ ছিল অতিথিদের নিয়ে ‘স্ট্রিট ক্রিকেট’।

ফাইল ছবি।
গায়ক থেকে নায়ক আসিফ-তাহসান
এ বছর রুপালি পর্দায় অভিনেতা হন সংগীতশিল্পী আসিফ আকবর ও তাহসান খান। সাদাত হোসাইন পরিচালিত ‘গহীনের গান’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয় আসিফ আকবরের। এই শিল্পীর নতুন ৯টি গান নিয়ে নির্মিত হয়েছে ‘গহীনের গান’ ছবিটি। অন্যদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নায়ক হিসেবে তাহসানের অভিষেক হয়। এই ছবিতে তাহসানের বিপরীতে অভিনয় করেন শ্রাবন্তী।
জাজ ও পলাতক আজিজ
ফেব্রুয়ারি থেকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ পলাতক। জনতা ব্যাংকের ১ হাজার ৭৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আজিজসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। আজিজের আত্মগোপনের কারণে তার প্রযোজনা প্রতিষ্ঠান কার্যত অচল। বেশ কিছু ছবি নির্মাণের ঘোষণা দিলেও ‘জিন’ ছাড়া আর কোনোটিরই শুটিং হয়নি এ বছর। দেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠানটি অচল হয়ে পড়ায় তার প্রভাব পড়েছে চলচ্চিত্রাঙ্গনে। জাজের নিয়মিত শিল্পী ও কলাকুশলীরা হয়ে পড়েছেন বেকার।
শাকিব খানের বেফাঁস মন্তব্য
‘আমি দেখাতে চেয়েছি, আমি শাকিব খান। বাংলাদেশে কেন, আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেয়া হয়- সিনেমার পোকা যেহেতু আছে, আর আমি যেহেতু জানি, আমি যেহেতু এ বিষয়ে ডক্টরেট করা। সুতরাং সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারব। এই পাসওয়ার্ড দেখে ইনশাল্লাহ সবাই বলবে, ইয়েস, এটাই আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ভিরাট (বিরাট) ছবি পাসওয়ার্ড।’ এভাবেই চিত্রনায়ক শাকিব খান নিজের প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ নিয়ে বলেন। এ কথার ভিডিও ছড়িয়ে পড়ে অন্তর্জালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাপ্রেমী দর্শক নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেন। পরে অবশ্য শাকিব খান বলেন, ‘আমি যেভাবে কথাটা বোঝাতে চেয়েছি, সেভাবে দর্শককে বোঝাতে পারিনি। আমি বোঝাতে চেয়েছি, যেহেতু আমি সিনেমা করতে ভালোবাসি। অভিজ্ঞতাও অনেক। সেই অর্থে নিজেকে ডক্টরেট বলেছি। হাজার প্রতিক‚লতা এলেও আমি সিনেমা করতে প্রস্তুত।’
দুই দেশের তারকাদের মিলনমেলা
দুই দেশের কাঁটাতারের বেড়া উপেক্ষা করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীরা একত্র হয়েছিলেন। দুই দেশের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’। ২০১৮ সালে ঈদুল ফিতর থেকে ঈদুল আজহা পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া ছবি থেকে বিভিন্ন বিভাগে এই সম্মাননা দেয়া হয়। এই আয়োজনে চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ থেকে আনোয়ারা ও পশ্চিমবঙ্গ থেকে রঞ্জিত মল্লিকের হাতে আজীবন সম্মাননা তুলে দেয়া হয়। আয়োজনটি উপস্থাপনা করেন পশ্চিমবঙ্গের গার্গী রায় চৌধুরী ও মীর আফসার আলী এবং বাংলাদেশের শাহরিয়ার নাজিম জয় ও শান্তা জাহান।
নির্বাচনী প্রচারণার কারণে বিপাকে ফেরদৌস
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে চিত্রনায়ক ফেরদৌস বিপাকে পড়েন। কারণ ভিসা আইনের শর্ত লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ফেরদৌস। সে সময় তার ভিসা বাতিলের পাশাপাশি গ্রেপ্তারেরও দাবি জানায় তারা। পরে তার ভারতীয় ভিসা বাতিল করা হয়।
মোশাররফ করিমের চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান
চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন বিভাগে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রদান করে। ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘সেরা কৌতুক’ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মোশাররফ করিম। কিন্তু পুরস্কার গ্রহণে অনীহা প্রকাশ করে মোশাররফ করিম জানান, ‘কমলা রকেট’ চলচ্চিত্রে তার চরিত্রটি কমেডি বা কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলোর একটি। সুতরাং ‘সেরা কৌতুক অভিনেতা’ হিসেবে তার নামটি প্রত্যাহার করে নিতে অনুরোধ করেন।
মিথিলা-সৃজিতের বিয়ে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের অভিনয়শিল্পী মিথিলাকে বিয়ে করেন ভারতের নির্মাতা সৃজিত মুখার্জি। গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় সৃজিতের দক্ষিণ কলকাতার বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি হয়। ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার বাবা-মা, ভাইবোন ও সৃজিতের পরিবারের সদস্যদের পাশাপাশি পশ্চিমবঙ্গের কয়েকজন তারকাশিল্পী। বিয়ের পর দিনই মধুচন্দ্রিমায় তারা সুইজারল্যান্ড যান। সেখানে মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডির রেজিস্ট্রেশন করেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)