টেস্ট খেলতে পাকিস্তান গেলো বাংলাদেশ দল

রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কাতার এয়ারওজের একটি ফ্লাইটে দুই ধাপে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে দেশ ছাড়েন কয়েকজন ক্রিকেটার। পরে ৬টা ৫০ মিনিটে একই এয়ারলাইন্সে দেশ ছাড়ে বাকি ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

টি-টোয়েন্টি সিরিজে টাইগার শিবিরের জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা থাকলেও এবার আর সেই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাতার এয়ারওয়েজে করে ভেঙে ভেঙে রাওয়ালপিন্ডি যাবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

কাতারে নেমে দুই অংশ একত্রিত হয়ে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করবে পুরো দল। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টিম বাসে করে রাওয়ালপিন্ডি পৌঁছাবে টাইগাররা। রাওয়ালপিন্ডি থেকে ৩০-৩৫ মিনিটে সড়কপথে সেখানে পৌঁছে যেতে পারবে বাংলাদেশ দল। আশা করা যাচ্ছে, আজ রাতের মধ্যেই রাওয়ালপিন্ডিতে পা রাখবেন মুমিনুল-তামিমরা।