পিএসএল শেষ না করেই দেশে ফিরছেন জেসন-মঈনরা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গ্রুপের খেলাই শেষ হয়নি। তার আগেই রঙ হারাচ্ছে এ টুর্নামেন্ট। করোনাভাইরাসের কারণে দেশে ফেরার জটিলতার আশঙ্কায় শনিবারের মধ্যেই পাকিস্তান ছাড়ছেন পিএসএলের ১৫ জন ইংলিশ ক্রিকেটার।

ডেইলি মেইলের রিপোর্ট, টুর্নামেন্ট থেকে আগেভাগে বিদায় নিচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। দেশে ফেরার প্রস্তুতি তারা নিতে শুরু করেছেন বৃহস্পতিবার রাত থেকে। করোনাভাইরাসের কারণে দেশে ফেরার জটিলতা তৈরি হতে পারে এমন দুশ্চিন্তা ভর করেছে তাদের মনে। বিশেষ করে এক দেশ থেকে আরেক দেশ ফ্লাইট বাতিলের খবর শোনা যাচ্ছে অহরহ। তাই ইংল্যান্ডে ফেরার সিদ্ধান্ত।

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী জেসন রয়, মঈন আলী ও জেমস ভিন্সসহ ইংল্যান্ডের টম ব্যান্টন, অ্যালেক্স হেলস ও ক্রিস জর্ডান এবার খেলছেন পিএসএলে। তাদের ফেরার জন্য ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছে পিএসএল কমিটি। শুক্রবার ও শনিবারের মধ্যে দুই দফায় দেশে ফেরার কথা ইংলিশ ক্রিকেটারদের।

জেসন-ভিন্সদের ফেরার খবরে পিএসএল আরও বিবর্ণ হলো। করোনা আতঙ্কের এরই মধ্যে টুর্নামেন্টটি রুদ্ধদ্বার স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।