শুটিং সেটে হাত পুড়ল শ্বেতার

ভারতীয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। সম্প্রতি শুটিং করতে গিয়ে তার হাত পুড়েছে।

‘মেরি ড্যাড কি দুলহান’ ধারাবাহিকের শুটিং করছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। এই সময় দুর্ঘটনাটি ঘটে। এতে গুণীত সিক্কা চরিত্রে অভিনয় করছেন তিনি।

জানা গেছে, শ্বেতা ও অভিনেতা ফাহমান খান জব উই মেট সিনেমার অনুকরণে একটি দৃশ্যের শুটিং করছিলেন। এতে শ্বেতাকে অতীত ভোলার জন্য শাড়ি পুড়িয়ে দেয়ার পরামর্শ দেয় ফাহমান। কিন্তু দৃশ্যটি ধারণ করতে গিয়ে হঠাৎ জানালার পর্দায় আগুন লাগে। পরবর্তী সময়ে আগুন নেভানোর চেষ্টা করলে শ্বেতার হাত পুড়ে যায়।

এ প্রসঙ্গে ফাহমান হিন্দুস্তান টাইমসে বলেন, ‘শ্বেতা ম্যাডামের সঙ্গে দৃশ্যটি করতে অনেক মজা লাগছিল। এতে আমরা মানসিকভাবে প্রশান্তি পাচ্ছিলাম। কিন্তু দুঃখের বিষয়, শুটিংয়ের শেষ অংশে আগুন নেভাতে গিয়ে তার হাত পুড়ে যায়। সবাই মনে করেছিলেন তিনি দৃশ্যটি নিজের মতো করার চেষ্টা করছেন। কিন্তু এই দুর্ঘটনায় তার হাতের কিছু অংশ পুড়ে যায়।’