কেরানীগঞ্জ কারা এলাকায় নিরাপত্তা জোরদার

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরে সব প্রস্তুতি শেষ করেছে কারা কর্তৃপক্ষ। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর থেকে কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রধান ফটকসহ আশে পাশের রাস্তায় পুলিশ, র‌্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতা বাড়ানো হয়েছে।

কারা সূত্র জানায়, সাধারণত কারা অভ্যন্তরে কোনো ফাঁসি কার্যকরের সময় হলে আমরা এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকি। এরই অংশ হিসেবে কারাগারের প্রধান ফটক অভ্যর্থনা জোন, ঢাকা- মাওয়া প্রধান সড়ক পর্যন্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট।

এছাড়া কারারক্ষীরা সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মাহবুবুল ইসলাম বলেন, কারা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর বেশি কিছু এখন বলতে পারবো না।