আহসানউল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

রাজনীতিতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত রাখা শহীদ আহসানউল্লাহ মাস্টারের ১৬তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে ) রাজধানীর যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  দোয়া মাহফিলে যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন ও আর্দশ নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন ও আর্দশের ধারক ও বাহক ছিলেন শহীদ আহসানউল্লাহ মাস্টার।  বঙ্গবন্ধুর মতোই তিনি কখনো ভাবতেই পারেননি তাকে হত্যা করা হতে পারে। 

যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক আখতারুজ জামান খান কবির বলেন, শহীদ আহসানউল্লাহ মাস্টার স্থান ও কালোত্তীর্ণ একজন মানুষ।  তিনি কখনোই অন্যায়ের সঙ্গে আপস করেননি।  মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির কাছে মাথা নত করেননি।

আলোচনা শেষে আহসানউল্লাহ মাস্টার ও একই দিনে শহীদ অন্যান্য নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।