ফুল চাষী ও উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে: কৃষিমন্ত্রী

ফুল চাষী ও উদ্যোক্তাদের ঋণসহ সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।  শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা দেলোয়ার হোসেনের টিউলিপ ও স্ট্রবেরি বাগান পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এসময় স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, টিউলিপ বিদেশি ফুল। বাংলাদেশেও বিভিন্ন রঙের টিউলিপ চাষ হচ্ছে - এটি খুব আনন্দের ও সম্ভাবনার। দেশে এই ফুলের বাজারজাত করতে হবে এবং বিদেশে রপ্তানি করতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।

উদ্যোক্তাদেরক সরকার কী সহযোগিতা দিবে - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, করোনার ক্ষতি মোকাবিলায় সরকার মাত্র ৪% সুদে কৃষি ঋণ দিচ্ছে। তাছাড়া কিছু চিহ্ণিত ফসলেও ঋণ কার্যক্রম চালু আছে। ঋণের পাশাপাশি চাষী, প্রক্রিয়াজাতকারী ও উদ্যোক্তাদের অন্যান্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।