সাবান দিয়ে হাত ধুয়ে করোনামুক্ত থাকুন : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রত্যেক ব্যক্তির সচেতনতা ও সাবধানতাই পারে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস অতিমারি থেকে ব্যক্তি ও সমাজকে সুরক্ষা করতে। বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব রেখে চলাফেরা করতে হবে। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কোনো বিকল্প নেই। নিয়ম মেনে সাবান দিয়ে হাত ধৌত করলে করোনাভাইরাসসহ নানাবিধ জীবাণুবাহী রোগ থেকে মুক্ত থাকা সম্ভব হবে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় জামালপুরের সলামপুর উপজেলা অডিটোরিয়াম এ সমতা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট (চিডিডি) আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হাত ধোয়ার প্রযুক্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হাত হলো আমাদের এমন বহুল ব্যবহৃত এক অঙ্গ যা পরিষ্কার রাখার মাধ্যমে আমরা অনেকাংশে সুস্থ থেক্তে পারি। তাই আমাদের হাতকে সুরক্ষা রাখতে হবে।

প্রতিমন্ত্রী সমতা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) কে শারীরিক প্রতিবন্ধীদের ব্যবহার এর জন্য বিনামূল্যে হাত ধোয়ার প্রযুক্তি বিতরণ করায় ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, গৃহহীন, হতদরিদ্রদের কল্যাণে গৃহীত নানাবিধ ভাতা, গৃহ, নগদ অর্থ সুবিধা প্রদানের ব্যবস্থার কথা তুলে ধরেন। এসময় তিনি সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহকে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে আরো বেশি কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এ টি এম আবু তাহের প্রমুখ।