চুয়াডাঙ্গা পৌরসভায় ৭ দিনের লকডাউন

সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার চুয়াডাঙ্গার সদর পৌরসভা ও পার্শ্ববর্তী আলুকদিয়া ইউনিয়ন এলাকায় লকডাউনের ঘোষণা দিয়েছে প্রশাসন। রোববার (২০ জুন) সকাল ৬টা থেকে এ লকডাউন কার্যকর করা হবে। পরবর্তী ৭ দিন পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে।

শনিবার (১৯ জুন) বিকালে আয়োজিত জেলা করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে করোনা সম্পর্কিত কমিটির সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এ সময় তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে নিতে ২০ জুন (রোববার) সকাল ৬টা থেকে ২৬ জুন রাত ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর পৌর এলাকা এবং আলুকদিয়া ইউনিয়ন এলাকা এ লকডাউনের আওতায় থাকবে। এসময় সকল ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়। একইসাথে ওই এলাকায় সকল দোকান পাট বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার ও মুদি দোকান সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত সীমিত পরিসরে চালু থাকবে। আর ওষুধের দোকান খোলা থাকবে সবসময়।

লকডাউনে তদারকি করবে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় লকডাউনের প্রভাবে কর্মহীনদের মধ্যে সরকারিভাবে খাদ্য সহায়তা দেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে জরুরি এ সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেকসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তারা।