গাজীপুরে শুরু হচ্ছে ভূমি মেলা মিলবে ভূমিসংক্রান্ত সেবা
- In -- জেলার খবর --
- May 25, 2025 --
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে আজ থেকে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ শুরু হচ্ছে। শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জাননো হয়।প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ কায়সার খসরু জানান, তিন দিনের এ মেলায় জেলা প্রশাসনের এসএ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা ও রেকর্ড রুম শাখা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় গাজীপুর সদর ও টঙ্গী রাজস্ব সার্কেল, জেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জোনাল সেটেলমেন্ট অফিস অংশ নেবে। এতে ৮টি স্টল স্থাপন করা হবে। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনবান্ধব ও অনলাইনভিত্তিক ভূমিসেবা প্রদানের মাধ্যমে জনগণের মাঝে ভূমিসচেতনতা বৃদ্ধি করা।প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় গাজীপুর সদর ও টঙ্গী রাজস্ব সার্কেলের নির্ধারিত স্টলে ই-নামজারির আবেদন গ্রহণ ও কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে মেলা চলাকালীন সময়ে নিষ্পত্তির ব্যবস্থা, ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের ব্যবস্থা থাকবে। এসএ শাখার জন্য নির্ধারিত স্টলে কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণ শাখার জন্য নির্ধারিত স্টলে আবেদনের তিন দিনের মধ্যে কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি শাখার জন্য নির্ধারিত স্টলে ভিপি লিজ নবায়নের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি, রেকর্ড রুম শাখার জন্য নির্ধারিত স্টলে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা হবে। পাশাপাশি জেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জোনাল সেটেলমেন্ট অফিসের জন্য নির্ধারিত স্টলে সংশ্লিষ্ট সেবা প্রদানের ব্যবস্থা থাকবে। এ ছাড়া, মেলা চলাকালীন অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, জরিপ কার্যক্রমবিষয়ক সেবা, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাসজমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অংশগ্রহণকারী দপ্তরের সিটিজেন চার্টার অনুযায়ী কার্যক্রম উপস্থাপন, সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত থাকবেন।ভাওয়াল রাজবাড়ীর নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা এবং সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ কায়সার খসরু। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ কায়সার খসরু, সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস, সাইদুজ্জামান হিমু প্রমুখ উপস্থিত ছিলেন ।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)