বেড়েছে শাক-সবজির দাম

দেশজুড়ে শীত বাড়ার কারণে এর প্রভাব পড়েছে সবজির বাজারেও। ব্যবসায়ীদের দাবি ঘন কুয়াশার কারণে সড়কে পরিবহন চলাচলে বিঘ্ন হচ্ছে। বিভিন্ন সময় ফেরি চলাচলও বন্ধ থাকছে। এসব কারণে বাজারে সবজির সরবরাহ কম, তাই দাম বেড়েছে প্রায় সকল প্রকার শাক-সবজির।

শুক্রবার সকালে রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, রায়ের বাজার সিটি করপোরেশনের মার্কেট ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা গেছে প্রায় সকল সবজির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। রায়ের বাজারের সবজির দোকানগুলোতে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা, করলা ৬০ টাকা, শিম ৪০, মূলা ২০-২৫ টাকা, বেগুন ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, কায়তা ৬০ টাকা, আলু ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, টমেটো ৮০ টাকা।

প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, শালগম ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, লাল শাক বিক্রি হচ্ছে ১০ টাকা আঁটি, লাউ শাক ২০ টাকা, পুঁই শাক ১৫ টাকা, পালংশাক ২৫ টাকা।

পেঁয়াজের বাজার ঘুরে দেখা গেছে খুচরা বাজারে প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়, পাকিস্তানি পেঁয়াজ ১১০ টাকায় এবং মিশরের পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। চায়না রসুন ১৫০ ও দেশি রসুন ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫০ টাকা, খাসির মাংস ৮৫০ টাকা ও বকরির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। দেশি মুরগি আকারভেদে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকা। ব্রয়লার ১২৫ টাকা, প্রতি কেজি পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।