মায়েদের দোয়া নিয়ে ‘শান’ সিনেমার প্রচারণা শুরু

ধুমধাম করে নয়, অনাড়ম্বর পরিবেশে মায়েদের দোয়া নিয়ে যাত্রা শুরু হলো নতুন সিনেমা ‘শান’-এর প্রচারণা কার্যক্রম। গত বুধবার (১১ মার্চ) রাতে আনুষ্ঠানিকভাবে এ শুভ সূচনা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিয়াম আহমেদের মা মাহমুদা বেগম ও ‘শান’ সিনেমার দুই অভিনয়শিল্পী চম্পা ও অরুনা বিশ্বাস। অনুষ্ঠানে শুরুতে মায়েদের ফুল দিয়ে বরণ করে নেন সিনেমার কাহিনীকার মোহাম্মদ গোলাম আজাদ খান এবং প্রযোজক আতিকুর রহমান। একটি চলচ্চিত্রের প্রচারণার যাত্রালগ্নে মায়েদের দোয়া নিয়ে এভাবে সম্মানিত করার বিষয়টিকে পুরো সিনেমার জন্য ইতিবাচক মনে করছেন অভিনেত্রী চম্পা।

তিনি বলেন, শুধুমাত্র ‘শান’ সিনেমার জন্যই নয়, মায়েদের দোয়া নিয়ে যাত্রা শুরু করার এই ভাবনা আমাদের ইন্ডাস্ট্রির অন্য সিনেমাগুলোকেও প্রভাবিত করবে। সবাই যদি এভাবে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাই, আমি নিশ্চিত আমাদের সিনেমার সোনালী গৌরব আমরা অচিরেই ফিরে পেতে পারবো।

অভিনেত্রী অরুনা বিশ্বাস বলেন, ‘শান’ মানে আভিজাত্য, গৌরব। আবার ‘শান’ মানে ধাঁর। এ ছবিতে ধাঁরালো একটি গল্প আছে, প্রত্যেকের চরিত্রে ধাঁর আছে। এই সিনেমাকে সবার কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের সবার। সে কারণেই আমরা মায়েরা এক হয়ে প্রচারণার যাত্রা শুরু করলাম। বাকি দায়িত্ব দর্শক-প্রদর্শক-গণমাধ্যম সবার।

সিয়ামের মা মাহমুদা বেগম ছেলের সিনেমার কোনো প্রচারণায় এর আগে অংশ নেননি। তবে ‘শান’ সিনেমাতে কাজ করতে গিয়ে একমাত্র সন্তান যে কষ্ট করেছেন, অমানবিক শ্রম দিয়েছেন সেই গল্পগুলো সবাইকে জানানোটা নিজের দায়িত্ব মনে করেছেন তিনি।

নায়িকা পূজা চেরির মা এবং অভিনেতা তাসকিন রহমানের মা-ও পরবর্তী প্রচারণায় অংশ নেবেন বলে জানায় ‘শান’ টিম। সিনেমা মুক্তির আগে ও পরে অভিনব সব পরিকল্পনা নিয়ে চলচ্চিত্রপ্রেমী দর্শকদের সামনে হাজির হবে ‘শান’ টিম। সবশেষে কেক কেটে মায়েদের দোয়া নিয়ে শুভ সুচনা হয় ‘শান’ সিনেমার প্রচারণার।