সঞ্চয় অ্যাপের যাত্রা শুরু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সঞ্চয় স্কিমের তথ্য নিয়ে ‘সঞ্চয় অ্যাপ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ওই অ্যাপ উদ্বোধন করেন।

সঞ্চায় অ্যাপ মূলত বিভিন্ন সঞ্চয় স্কিমের একটি তথ্যমূলক অ্যাপ। এ অ্যাপের মাধ্যমে খুব সহজে ঘরে বসে মোবাইলের মাধ্যমে সঞ্চয় স্কিমের বিষয়ে তথ্য জানা যাবে।

অ্যাপে মোট ১০টি মেন্যু রয়েছে এবং এই মেন্যুর মধ্যে বিভিন্ন সাবমেন্যু যুক্ত আছে।

দশ মেন্যুর মধ্যে প্রথম মেন্যুতে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ইতিহাস, উদ্দেশ্য ও কার্যাবলী ইত্যাদি বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।

দ্বিতীয় মেন্যুতে জাতীয় সঞ্চয় স্কিম সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে।  এ মেন্যু থেকে প্রতিদিন সঞ্চয় স্কিমের মুনাফার হার, মূল্যমান, বিনিয়োগের উর্ধ্বসীমা, মেয়াদ ও কারা বিনিয়োগ করতে পারবেন ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

তৃতীয় ধাপে রয়েছে যোগাযোগের ঠিকানা। এখানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কার্যালয়, বিভাগীয় কার্যালয়, জেলা কার্যালয় ও ডাক অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি তথ্য রয়েছে।

কোথায় পাওয়া যাবে সঞ্চয়পত্র এ বিষয়ে বর্ণনা দেওয়া রয়েছে চতুর্থ মেন্যুতে।  অর্থাৎ সঞ্চয়পত্র যেসব অফিস থেকে কেনা যাবে সেসব অফিসের নাম দেওয়া আছে।

পঞ্চম মেন্যুতে পাবেন আবেদন পদ্ধতি।  বিভিন্ন সঞ্চয় স্কিমে বিনিয়োগের জন্য কীভাবে আবেদন করতে হবে, আবেদনপত্রের সঙ্গে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এই মেন্যুতে।

সঞ্চয় অধিদপ্তর বিভিন্ন স্কিমের বিধিমালা কিংবা নীতিমালা বিষয়ে বর্ণনা দেওয়া হয়েছে ৬ নম্বর মেন্যুতে।

বিবিধ নামে আরও একটি মেন্যু রয়েছে সঞ্চয় অ্যাপে।  যেখানে সঞ্চয়পত্র হারিয়ে গেলে, পুড়ে গেলে কিংবা অন্য কোনোভাবে নষ্ট হয়ে গেলে বা ক্রেতা মারা গেলে কীভাবে এর সমাধান পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা থাকবে এই মেন্যুতে।

অষ্টম মেন্যুতে রয়েছে প্রাইজবন্ড লটারির ফলাফল বিষয়ে তথ্য এবং নবম মেন্যুতে থাকবে মুনাফা করার জন্য ক্যালকুলেটর সুবিধা।

সর্বশেষ ১০ম মেন্যুতে সঞ্চয় সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। এই মেন্যুতে সঞ্চয় অধিদপ্তরের অভিজ্ঞতার আলোকে প্রায় ১৫০টি প্রশ্নের উত্তর এ মেন্যুতে যোগ করা হয়েছে।