ঘরেই তৈরি হবে চকলেট সন্দেশ

মিষ্টিজাতীয় খাবার ছাড়া যে কোনো উৎসব-আয়োজন ঠিক যেন জমে ওঠে না! এ দিকে, শীতকে বিদায় জানিয়ে নতুন ঋতুকে বরণ করতে চারদিক যেন মেতেছে বসন্ত উৎসবে। এই আয়োজনে ঘরে এক-আধটু ভিন্ন ধাঁচের খাবার না হলে কী চলে? জেনে নিন ভিন্ন ধাঁচে ঘরেই চকলেট সন্দেশ তৈরির রেসিপি-

উপকরণ

১ লিটার দুধ, ২ টেবিল চামচ লেবুর রস, ৫ টেবিল চামচ চিনির পাউডার ও ২ টেবিল চামচ কোকো পাউডার।

যেভাবে তৈরি করবেন মজাদার চকলেট সন্দেশ

প্রথমে দুধ ভালো করে জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। তারপর এতে লেবুর রস মিশিয়ে নাড়াতে থাকুন। এতে দুধ ফেটে গেলে ছানায় রূপান্তরিত হবে।

এবার ছানা পরিষ্কার কাপড়ে ঢেলে ঠান্ডা পানি দিয়ে নাড়ুন। তারপর কাপড়ের চারপাশ ধরে চেপে চেপে ছানার পানি ঝরিয়ে নিন। এভাবে আধা ঘণ্টা ঝুলিয়ে রাখুন ছানা। আধা ঘণ্টা পর ছানা বের করে হাত দিয়ে মথে নিন। যখন দেখবেন একেবারে নরম হয়ে গেছে, তখন চিনির গুঁড়ো মিশিয়ে আবারও ভালোভাবে মাখুন। সবশেষে কোকো পাউডার দিয়ে আরও একবার ভালোভাবে মাখুন। এবারে প্যানে ছানার মিশ্রণটি কম আঁচে ৫ থেকে ৬ মিনিট নাড়ুন। তারপর প্লেটে নিয়ে ছড়িয়ে দিন। হালকা ঠান্ডা হলে অল্প করে হাতে নিয়ে সন্দেশের আকারে গড়ে নিন। এখন সন্দেশের উপরে গলানো চকলেট দিয়ে সাজান। তার উপরে চকলেটের গুঁড়ো দিন। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার চকলেট সন্দেশ। কিছুক্ষণ ফ্রিজে রেখে সন্দেশের উপরের চকলেট একটু শক্ত হলেই অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারবেন চকলেট সন্দেশ।