সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন
- In -- জেলার খবর --
- May 18, 2021 --
দৈনিক প্রথম আলো পত্রিকার জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা-নির্যাতনের প্রতিবাদ ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ জানিয়েছে সংবাদকর্মী ও মানবাধিকারকর্মীরা। এসব প্রতিবাদ সমাবেশে বলা হয়েছে, রোজিনা ইসলামের সাথে করা আচরণ দেশের স্বাধীন সাংবাদিকতার পথে বাধারন একটি ভয়ানক দৃষ্টান্ত।
রোজিনা ইসলামের মুক্তির দাবিতে পৃথক পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে টাঙ্গাইল ও সাতক্ষীরা ও কুড়িগ্রামে।
টাঙ্গাইল : টাঙ্গাইলে প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান ও অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, একুশে টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন প্রমুখ।
টাঙ্গাইলে বক্তারা বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের দুর্নীতির অনেক প্রতিবেদন করেছেন। তার মতো একজন সিনিয়র ও দায়িত্বশীল সাংবাদিককে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা ও নির্যাতন করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে মিথ্যা মামলাও দেয়া হয়েছে। এর পেছনে মদদদাতা রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অভিযুক্ত অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমসহ মদদদাতাদের শাস্তি নিশ্চিত করা হোক।
এসময় তারা আরও বলেন, যদি অনতিবিলম্বে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা না হয় তাহলে কঠিন থেকে কঠিনতম কর্মসূচী ঘোষণা করা হবে।
সাতক্ষীরা : অন্যদিকে সাতক্ষীরায় অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তার মুক্তি দাবি করে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, এম কামরুজ্জামান, সেলিম রেজা মুকুল, আব্দুল জলিল, এম জিললুর রহমান, ঈদুজ্জামান প্রমুখ।
সাতক্ষীরায় মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে যারা পাঁচ ঘণ্টার বেশি সময় সচিবালয়ে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। দুর্নীতিবাজ ওইসব কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থায় চরম বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে।
সাতক্ষীরায় স্বাস্থ্যখাতে ৩৭ কোটি টাকার দুর্নীতি হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে লিখলেই সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হচ্ছে। সাংবাদিকদের বাক্ স্বাধীনতা কেড়ে নিতে চায় দুর্নীতিবাজ সরকারি আমলারা। সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে নির্যাতন ও হয়রানি করা হয়েছে তা বর্বরোচিত। পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরণের নির্যাতনের নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
কুড়িগ্রাম : রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও সচিবালয়ে আটকে রেখে নির্যাতনকারীদের বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আয়োজনে জেলা শহরের কলেজ মোড়ে আয়োজিত প্রথম দফা মানববন্ধনে গণ কমিটির সদস্যরা ছাড়াও স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন। পরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে আরও একটি মানববন্ধনের আয়োজন করেন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
মানবন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও নির্যাতনের তীব্র নিন্দা প্রকাশ করেন। অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ছয়ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করেন। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)