বগুড়ায় ট্রাক চাপায় অটোভ্যান যাত্রী নিহত

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোভ্যানের যাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে রংপুর-বগুড়া মহাসড়কের চৌকির ঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ব্যাটারি চালিত একটি ভ্যান যাত্রী নিয়ে মোকামতলা যাচ্ছিল। মহাসড়কের চৌকির ঘাট নামক স্থানে ভ্যানটি বিকল হয়ে যায়। এসময় রংপুরগামী একটি ট্রাক পেছন থেকে অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী নিহত হন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট এলাকার ইমরান হোসেন (৩৮) বলে জানা যায়।

আহত অটোভ্যান চালক গাবতলী উপজেলার কাগইল গ্রামের মোহাম্মদ আলীর পুত্র আলমগীর হোসেন (৪০) কে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও মোকামতলা ট্রাফিক ফাঁড়ির পুলিশ দুর্ঘটনার কারণে মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনে কাজ করেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।